অনুমতি পেলে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন

অনুমতি পেলে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৫:০৫

ইন্ডিয়া সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’। সোমবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

তিনি বলেন, ইন্ডিয়া শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ইন্ডিয়াতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।

বিডিআর হত্যাকাণ্ডের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এ কথা বললেই হবে না। ইন্ডিয়া জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

ফজলুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে। বিগত ১৬ বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে।

তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, সময় বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। কমিশন চায়, সবাই যেন ন্যায়বিচার পায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading