ইন্ডিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৩:১৫
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়ার আশ্রয় নেন। এরপর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানাপোড়েন।
উভয় দেশের মধ্যে সীমান্তে উত্তেজনাও চলছে। অবশ্য সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ইন্ডিয়া থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, সীমান্ত ইস্যুতে ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার ভেতরেই ইন্ডিয়ার নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। গত রবিবার বিপিসির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
বিপিসি’র বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকা খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়ে থাকে।
আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত বিপিসি নিয়মিতভাবে ইন্ডিয়ার নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।
এর আগে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ইন্ডিয়া থেকে ৫০ হাজার টন অ-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
ইউডি/কেএস

