ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে ছিনিয়ে নেওয়া হয় ১৫ লাখ টাকা

ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে ছিনিয়ে নেওয়া হয় ১৫ লাখ টাকা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৪ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:০৫

ইসলামী ব্যাংক নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে অটোরিকশায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যাচ্ছিলেন এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ। পথে সিরাজদীখান উপজেলার কাঠালতলী এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে সড়ক থেকে তাকে ধরে মাইক্রোবাসে ওঠানো হয়। এসময় তার দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে মারধরও করা হয়। পরে তার কাছে থাকা ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ৫ দুর্বৃত্ত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চলন্ত মাইক্রোবাসে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ভুক্তভোগী এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ এ দাবি করে বলেন, পরে মাইক্রোবাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যেতে থাকে। পথে দক্ষিণ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় নির্জন স্থানে তাকে ফেলে দেওয়া হয়। পরে ঢাকার দিকে চলে যায় মাইক্রোবাসটি।

এদিকে এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার এজেন্ট কামাল শেখ। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশ সড়কে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।

ভুক্তভোগী আফজাল শেখ আরও বলেন, হাতকড়া পরানো ও চোখ বাঁধার বিষয় জানতে চাইলে দুর্বৃত্তরা আমাকে মারধর করে। একই সঙ্গে তারা বলে তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে, কোর্টে চালান করে দেব।

এ ব্যাপারে সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান বলেন, আফজাল শেখকে কাঠালতলী এলাকা থেকে মাইক্রোবাসে তুলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রুহিতপুর এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading