ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়াটা জরুরি: প্রধান উপদেষ্টা
উত্তরদক্ষিণ। বুধবার (১৫ জানুয়ারি), ২০২৪, আপডেট ২০:০০
অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ তুলে ধরছে সেখানে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা’ অক্ষুণ্ন রেখে জাতীয় ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আলাপ-আলোচনার মাধ্যমেই সেই ঐক্যমত্য প্রতিষ্ঠার কথা তুলে ধরে তিনি বলেছেন, শুধু কাগজ, বই একটা দিলাম, এতে আমাদের কাজ পূর্ণ হল না। আমাদের দায়িত্ব হল এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া।
“আপনারা (সংস্কার কমিশন) যেটা বলছেন, তা মানুষ চাচ্ছে না, তা তো নয়। কাজেই এটা মানুষেরই ভাষ্য। ফলে এমন সুন্দরভাবে বলা, যাতে মানুষ এটার মধ্যে এসে যেতে পারে। কেউ নির্বাচনের আগে এসে যাবে, কেউ নির্বাচনের পরে আসবে।”
ইউনূস বলেন, সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না, কাজেই কিছু জিনিস থেকে যাবে। সেটা চার্টারের (গণঅভ্যুত্থান সনদ) আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। এটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজে এগুলোকে নতুন করে পরিশীলিত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে, যাতে সবাই একমত হতে পারি।
কমিশনের সুপারিশের পর ঐক্যমত্য না হওয়ার বিষয়গুলো ‘ডকুমেন্ট’ হিসেবে রেখে ঐক্যমত্যের বিষয়গুলো নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, গো ধরে বসে রইলাম, কেউ মানল কেউ মানল না, এটা হয়ত কাজে লাগাতে পারব না। কাজেই যেটা করতে পারলাম না, সেটারও একটা ডকুমেন্ট থাকবে। কিন্তু যেটা পারছি, ঐকমত্য করেছি, এটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। এগিয়ে যাওয়াটা আমাদের জন্য খুব জরুরি। ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া। পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি যার পুনরুত্থান হল। আমরা এখন এ উদ্যোগের মাধ্যমে আমরা একটা রাস্তা তৈরি করছি।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে গঠিত কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয় সেখানে।
ইউডি/এবি

