প্রিমিয়ার লিগ তারকাকে এসিড নিক্ষেপ, ঘাতক নারীর বিচার শুরু

প্রিমিয়ার লিগ তারকাকে এসিড নিক্ষেপ, ঘাতক নারীর বিচার শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৭:৩০

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের হয়ে খেলেন ইওয়ান উইসা। চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়ে নজর কেড়েছেন একাধিক ক্লাবের। ইভান টনিকে পেছনে ফেলে ইতোমধ্যে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের ইতিহাসে বনে গেছেন সর্বাধিক গোলস্কোরার।

তবে বছর চারেক আগে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা থেকে রেহাই না পেলে আজকে হয়তো এমন সুদিন দেখা হতো না ডিআর কঙ্গোর এ ফরোয়ার্ডের।

ঘটনা ২০২১ সালের। ফরাসি ক্লাব লরিয়ন থেকে সাড়ে আট মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রেন্টফোর্ডে নাম লেখান উইসা। সে সময় তার আনন্দ দ্বিগুণ হয়েছিল কন্যা সন্তানের বাবা হওয়ায়। কিন্তু তাদের সব আনন্দ নস্যাৎ করতে হঠাৎ হাজির এক ঘাতক নারী। উইসার সদ্যজাত কন্যাকে অপহরণ করার উদ্দেশ্য ছিল ওই নারীর। কিন্তু সে কাজে ব্যর্থ হয়ে উইসাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান লায়েতিতিয়া নামের ৩৬ বছর বয়সি ওই নারী। অল্পের জন্য দৃষ্টিশক্তি হারানো থেকে বাঁচলেও তার ত্বক ঝলসে যায়। এরপর মুখের অস্ত্রোপচার করান তিনি। যদিও তিনি এখনো সে আঘাতের যন্ত্রণা ভোগ করে যাচ্ছেন বলে দাবি করেন তার আইনজীবী।

ফরাসি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে উইসার আইনজীবী বলেন, ‘অপহরণ ও হামলার সে ঘটনার যন্ত্রণা এখনো বয়ে বেড়াচ্ছেন ইওয়ান। নিজেকে সুস্থ প্রমাণের জন্য তখন থেকে তাকে অনেক কিছু করতে হয়েছে। সামর্থ্যের সবটুকু দিয়ে নিজের কাজে সেরা প্রমাণে তিনি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন। শুকরিয়া যে তিনি তার দৃষ্টিশক্তি হারাননি। নিজের কন্যা সন্তানকে বাঁচাতে গিয়ে তাকে এ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।’

সম্প্রতি ফ্রান্সের আদালতে অভিযুক্ত ওই নারীকে বিচারের জন্য হাজির করা হয়েছে। ঘাতক ওই নারীর বিরুদ্ধে ২০২১ সালের জুলাইয়ে আরও একটি অপহরণের অভিযোগ আছে। সে ঘটনায়ও এক ছেলে শিশুর মায়ের শরীরে আগুন ধরানোর চেষ্টা করেন। পরবর্তীতে অবশ্য অপহরণকৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হত্যাচেষ্টা, শিশু অপহরণ ও অপহরণ চেষ্টা মামলায় ওই নারীর ৩০ বছরের জেল হতে পারে।

এদিকে চার দিনের এ বিচারিক প্রক্রিয়ায় এখনো উপস্থিত হতে পারেননি উইসা। তবে তিনি দুইদিনের মধ্যে হাজির হবেন জানিয়ে তার আইনজীবী বলেন, ‘সে (উইসা) এবং তার স্ত্রী বর্তমানে ইংল্যান্ডে আছেন। তারা সেখানে নিরাপদ অনুভব করছেন। তিনি দুই দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়ায় উপস্থিত হবেন।’

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন উইসা। ফ্রান্সে জন্ম নেয়া ২৮ বছর বয়সি এ ফরোয়ার্ড চলতি আসরে ২৩ ম্যাচে ১২ গোলের পাশাপাশি ২ অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ৩৭ গোল করে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের হয়ে সর্বোচ্চ গোলস্কোরার বনে গেছেন তিনি। তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে লিগ টেবিলের তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টসহ একাধিক ক্লাব।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading