২০২৫ আমাকে অনেক সারপ্রাইজ দিচ্ছে: ফারিন
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৮:০০
সদ্যবিদায়ী বছর অভিনেত্রী ফারিন খান সিদ্ধান্ত নেন ২০২৫ আলাদাভাবে সাজানোর। গুছিয়ে কাজের ইচ্ছা নিয়ে শুরু করেন পথচলা। সময়ও পক্ষে অভিনেত্রীর। দর্শক, সমাদর, পুরস্কার, প্রত্যাশিত কাজ তার দোরগোড়ায়। সব মিলিয়ে বছরের শুরুতেই জমিয়ে দিয়েছেন এ তারকা।
ফারিনও তাই মনে করছেন। তিনি বলেন, ‘বছরের শুরুটা শীতের মতোই জমে গেছে। ২০২৪-এ বলেছিলাম, ২০২৫ অন্যভাবে সাজাতে চাই। গুছিয়ে সুন্দরভাবে এগুতে চাই। সেভাবেই চলছি। ছয় মাসে একটি কাজ হোক অসুবিধা নেই তবে সেটা যেন ছয় যুগ মনে রাখার মতো হয়।’
ভালোবাসা দিবস উপলক্ষে ‘আজান’ নামের একটি কাজ শেষ করেছেন। এটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী। তিনি বলেন, ‘‘এটি আমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে। গুণী নির্মাতাদের সঙ্গে আমার কাজ কম। এটা নিয়ে আক্ষেপ ছিল। ‘আজান’ সে আক্ষেপ মেটাবে বলে মনে হচ্ছে। আমরা দুই দিন রিহার্সাল করেছি, টিমের সঙ্গে পরিকল্পনা করেছি। সবার শতভাগ প্রচেষ্টা ছিল। আকবর হায়দার মুন্না ভাই গুণী পরিচালক। খায়ের (খায়ের খন্দকার) ভাই অভিজ্ঞ ক্যামেরাম্যান। ইরফান সাজ্জাদ একজন গুণী অভিনয়শিল্পী। খুব আন্তরিকভাবে আমার সঙ্গে কাজটি করেছেন।’’
ব্যস্ততা ফারিনকে দেয় না অবসর। নাটক, ওটিটি— দুই মাধ্যমেই তার চাহিদা। ফিরিস্তি দিয়ে বলেন, ‘ইবনে বকরের পরিচালনায় আরও একটি কাজ করছি। এটিও ভালোবাসা দিবস উপলক্ষে। সহশিল্পী ইরফান সাজ্জাদ। ওটিটিতেও কয়েকটি কাজ নিয়ে কথা চলছে।’
ইউডি/কেএস

