পদত্যাগ করতে প্রোভিসি মামুনকে ২৪ ঘণ্টা সময় দিল ৭ কলেজ

পদত্যাগ করতে প্রোভিসি মামুনকে ২৪ ঘণ্টা সময় দিল ৭ কলেজ

উত্তরদক্ষিণ। সোমবার (২৭ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের ‘মুখোমুখি’ অবস্থানে দাঁড় করানোর দায় নিয়ে উপউপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

তারা কলেজের শিক্ষার্থী রাকিবের ওপর হামলার অভিযোগে নিউ মার্কেট থানার দায়িত্বশীলদের প্রত্যাহার করারও দাবি তুলেছেন।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলছেন তারা। এসব দাবি পূরণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে কলেজ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম বলেন, সকালে সংবাদ সম্মেলন করে আমরা স্পষ্ট ছয়টি দাবি জানিয়েছিলাম। সেখানে একটি দাবি ছিল, অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আছে, সেটি আমলে নেওয়া।

“ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, সেটি আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু অন্য দাবিগুলো মেনে নেওয়ার কোনো প্রক্রিয়া শুরু করা হয়নি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার রাতে সংঘাতের সময় ইডেন কলেজ, বদরুন্নেছা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি’ করেছেন অভিযোগ তুলে মুঈনুল ইসলাম বলেন, এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। দায়িত্বরত ওসি, এসিসহ এ হামলার সঙ্গে যারা জড়িত আছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

“ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে এসেছেন উপউপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, এর সম্পূর্ণ দায়ভার প্রোভিসির। এর দায় নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রোভিসিকে পদত্যাগ করতে হবে।”

দাবিগুলো ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেওয়া হলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দেন মো. মুঈনুল ইসলাম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading