হাসিনার রেড নোটিসের বিষয়ে নতুন তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়
উত্তরদক্ষিণ। সোমবার (২৭ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:২০
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ইন্ডিয়া থেকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির বিষয়ে হালনাগাদ কোনো তথ্য না থাকার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখপাত্র রফিকুল আলম বলেন, রেড নোটিসের ব্যাপারে আমার কাছে আপডেটেড তথ্য নাই।
প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট ইন্ডিয়া পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনও আত্মগোপনে রয়েছেন।
এরইমধ্যে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনালে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারাদেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে।
এর মধ্যে দুটি মামলায় শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর ইন্ডিয়া সরকারকে কূটনৈতিকপত্র (নোট ভারবাল) পাঠায় বাংলাদেশ সরকার।
ইন্ডিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব বাংলাদেশকে দেয়নি, বরং ইন্ডিয়া হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর এসেছে দেশটির সংবাদমাধ্যমে।
ওই চিঠি দেওয়ার আগে থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ইন্টারপোলের রেড নোটিস জারির কথা বলে আসছে সরকার ও আইসিটির প্রসিকিউশন বিভাগ।
ইউডি/এবি

