সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়নি: নাহিদ ইসলাম

সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়নি: নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:৩০

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার থেকে তাদের পদত্যাগের এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। হলে অবশ্যই সাংবাদিকদের জানানো হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, পদত্যাগের বিষয়টি কোন উৎস থেকে পত্রিকায় লেখা হয়েছে সেটা উল্লেখ নাই। এ ধরণের কোনও সিদ্ধান্ত এখনও তার নিজের কিংবা আসিফের দিক থেকে হয়নি। আর হলে অবশ্যই জানানো হবে। রাজনৈতিক দলে অংশগ্রহণের প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তবে সেটা আমরা এখনও ভাবি নাই। তিনি বলেন, এই আলাপটা আসছিল রাজনৈতিক দলগুলো থেকে। তারা সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করা নিয়ে প্রশ্ন তুলেছিল। তখন আমি বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক আর অন্য কোনও রাজনৈতিক দলে হোক, আমরা সরকারে থাকা অবস্থায় সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হবো না। এখন পর্যন্ত আমাদের এমন কোনও সিদ্ধান্ত বা পরিকল্পনা হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা তো গুরুত্বপূর্ণ একটা সংবাদ। সেক্ষেত্রে পত্রিকা কর্তৃপক্ষ উৎসটা পরিষ্কার করা উচিত ছিল। আমাদের জায়গা থেকে এমন সিদ্ধান্ত হয়নি।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি। বিচার কার্যক্রম চলমান আছে। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই। আদালত কী বলেন। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয় আছে। এটা তো আসলে কেবল আইনগত সিদ্ধান্ত নয়। রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয় আছে। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগ পনের বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই আগস্টে যে গণহত্যা সংঘটিত করেছে। তারপর আসলে আওয়ামী লীগের রাজনীতি করার আর অধিকার নাই। আওয়ামী লীগ নামে ও ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া কী হবে সেটা আলোচনা করে বের করতে হবে। আমরা এটাও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা করতে চাই না। আমরা রিকনসিলিয়েশন চাই। আমরা জাস্টিসও চাই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading