ফেব্রুয়ারিতেই ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণা হবে: আল আমিন
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:০০
চলতি ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।
রবিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ৮ দফা দাবির স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, ‘দল গঠনের লক্ষ্য বাস্তবায়নের কাজ বেশ ভালোভাবেই এগোচ্ছে। ইতিমধ্যে আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সংলাপ চলছে। আমরা ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল ঘোষণা করব।’
আবদুল্লাহ আল আমিন জানান, স্মারকলিপিতে নারায়ণগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, ছিনতাই, যানজট এবং শহীদ পরিবারদের মামলা সংক্রান্ত হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসক এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল। তাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছি। একই সঙ্গে গণঅভ্যুত্থানে গুলি চালানো খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি।’
এর আগে শহরের চাষাঢ়া থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিবসহ কেন্দ্রীয় নেতারা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার ও রাকিব।
ইউডি/এআর

