রাশিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপের সাথে যুক্ত হলো তিন বাল্টিক দেশ
উত্তরদক্ষিণ। রবিবার (৯ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৫৫
রাশিয়ার সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপীয় বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে তিন বাল্টিক দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। ইউরোপে এ ঘটনাকে ‘ঐতিহাসিক’ ও ‘নতুন যুগের সূচনা’ হিসেবে দেখা হচ্ছে।
ডয়চে ভেলের প্রতিবেদন মতে, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া গত শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত রাশিয়ার বিদ্যুৎ গ্রিডের সাথে সংযুক্ত ছিল। এরপর ‘সুইচ অফ’ করে দেয়া হয় এবং ইউরোপের গ্রিডের সংযুক্ত করা হয়।
‘সুইচ অফ’ করাটা ছিল অনেকটা প্রতীকী। কারণ দেশ তিনটি ২০২২ সালের মে মাস থেকে রাশিয়া থেকে বিদ্যুৎ ক্রয় বন্ধ করে দেয়। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপ।
তারই অংশ হিসেবে রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তিন বাল্টিক দেশ। দীর্ঘ প্রায় তিন বছর পর এই সিদ্ধান্ত কার্যকর করতে সমর্থ হলো দেশগুলো।
সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। তবে দেশ তিনটি এখন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইইউর সদস্য। দেশ তিনটির কর্মকর্তারা বলছেন, রাশিয়া যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ‘ব্ল্যাকমেইল’ করতে না পারে, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইউডি/এবি

