যারা আ.লীগের বৈধতা দিতে চায় তাদের জন্য ছাত্র-জনগণই যথেষ্ট: আখতার হোসেন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৩৫
‘বিশিষ্ট নাগরিকের নামে যারা খুনি হাসিনার প্রেতাত্মাদের পক্ষে দাঁড়াবার রাজনীতি করছেন’ তাদের হুঁশিয়ার করে দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, বিশিষ্ট নাগরিকের নামে যারা বাংলাদেশে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর বৈধতা দিতে চায় তাদের ধ্বংস করার জন্য বাংলাদেশের ছাত্র-জনগণই যথেষ্ট। আর কোনোভাবে যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার, ফিরিয়ে নিয়ে আসার চক্রান্ত করা হয়; রাজপথে বাংলাদেশের জনতা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটে জাতীয় নাগরিক কমিটির বিভাগীয় প্রতিনিধি সভায় আখতার হোসেন এ মন্তব্য করেন। নগরের রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে এ সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি সিলেট বিভাগ।
দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, কোনো সম্প্রদায়ের মানুষকেই আওয়ামী লীগ শান্তিতে থাকতে দেয়নি। তারা বিভাজনের রাজনীতিকে জিইয়ে রেখেছিল। আমরা বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতি চালু করতে চাই।
নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ন্যায় ও ইনসাফের পলিসিই হবে নতুন বন্দোবস্ত। এখানে আর কোনো বাকশাল ও ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না। কোনো রাজনৈতিক দল ভারতের তাঁবেদারি করবে, বাংলাদেশের মানুষ তা আর হতে দেবে না। পতিত আওয়ামী লীগারদের মতো বেহায়াদের, মানবতাবিরোধী অপরাধীদের মানুষ আর রাজনীতি করতে দেবে না। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
সভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আমাদের আগে ফ্যাসিস্ট কাঠামো ধ্বংস করতে হবে। এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এ জন্য আদর্শ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পার্টি গঠনের পাশাপাশি আমরা রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। এর বাস্তবায়নে তরুণ জনগোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে হবে।
ইউডি/এবি

