সমাজ থেকে বৈষম্য দূর করতে সম্পদের সুষম বণ্টন আবশ্যক: বাণিজ্য উপদেষ্টা

সমাজ থেকে বৈষম্য দূর করতে সম্পদের সুষম বণ্টন আবশ্যক: বাণিজ্য উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০৭:৩০

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সমাজের বৈষম্য দূর করার জন্য জুলাই গণঅভ্যুত্থানে অনেক তাজা প্রাণ দিতে হয়েছে। অথচ বৈষম্য এখনও রয়ে গেছে। এর মূলোৎপাটন করতে হলে আমাদের সম্পদের সুষম বণ্টন করা আবশ্যক। এর নিয়ামক হিসেবে আমাদের নৈতিক ও ধর্মীয় দায় সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘রোল অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইন ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সম্পদ বণ্টনের যে প্রক্রিয়াগুলো সবচেয়ে বেশি অনুস্মরণীয় জাকাত তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি। জাকাত দেওয়ায় মানুষকে উৎসাহিত করতে হবে এবং সমাজে জাকাতের প্রভাব দৃশ্যমান করতে হবে।

জাকাত দারিদ্র্য বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া উল্লেখ করে উপদেষ্টা বলেন, নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বন্টন হবে না। আমরা সুষম সমাজ চাই, নৈতিক নেতৃত্ব চাই। মুক্তবাজার অর্থনীতিতে রাজস্ব ব্যবস্থা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না। এখন মানুষের সাফল্যকে বিচার করা হয় তার ভোগ করার সক্ষমতা দিয়ে। তার আত্মসম্মান, শ্রদ্ধা ও সামাজিক দায়কে বিচার করা হয় না।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-ইকোনমিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এমরানুল হক।

অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াকফ- এর সেক্রেটারি জেনারেল দাতুক ড. মোহাম্মদ গাজালি নূর।

সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইকোনমিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার হোসেন, সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের নির্বাহী পরিষদের আহ্বায়ক এবং রহিম-আফরোজ গ্রুপের পরিচালক মুনওয়ার মিসবাহ মঈন।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ত্রয়োদশ জাকাত ফেয়ার ২০২৫- এর উদ্বোধন করেন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ২ দিনব্যাপী এই জাকাত মেলার আয়োজন করে। এখানে বিভিন্ন আর্থিক ও জাকাত প্রতিষ্ঠানের স্টল, জাকাতের হিসাব নিরুপণ ও জাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কনসালটেশন ডেস্ক ও ইসলামি বইয়ের স্টল রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading