মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজির ঘটনায় মামলা, গ্রেফতার ৪ 

মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজির ঘটনায় মামলা, গ্রেফতার ৪ 

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১২:২০


হাতে রাম দা নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এক আসামীর থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

গ্রেফতাররা হলেন, উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪) ও মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।

গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন। প্রকাশ্যে চাঁদা চাওয়ার এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করে। অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading