রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৮:০০

টিসিবির কার্ডকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল। তার নিকট টিসিবি কার্ডের ভাগ চান পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা। এরই জেরে রবিবার এগারটার দিক রফিকুলকে মহাসড়কের উপর ঘিরে ধরে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে শিমুলের সমর্থকরা। এ সময় স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকরা। শুরু হয় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের উপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ। দুপাশে দুই কিলোমিটার যানজট তৈরি হয়। শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল শুরু হয়।

রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading