প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের বৈঠক
উত্তরদক্ষিণ। রবিবার (২৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:০০
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে রোহিঙ্গা সংকট, এর সমাধানের নতুন উপায় অনুসন্ধান এবং শরণার্থী শিবিরে বসবাসরত দশ লক্ষেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার মানবিক সহায়তার জন্য নতুন দাতাগোষ্ঠীর সন্ধান নিয়ে আলোচনা করেছেন তারা।
ড. ইউনূস বলেছেন, জাতিসংঘ চলতি বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। জুলি বিশপকে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করার আহ্বান জানান। মালয়েশিয়া ও ফিনল্যান্ড সম্মেলনের সহ-সহায়ক হিসেবে কাজ করবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গৃহযুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সংকট নিরসনে এবং পশ্চিম মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন শরণার্থীদের আগমন রোধে জাতিসংঘের এই বিশেষ দূতের সহায়তা কামনা করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তার পর রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও দাতাগোষ্ঠীর সন্ধান বিষয়েও তারা আলোচনা করেন।
ইউডি/এবি

