তিন হত্যা মামলায় পলক ১২ দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:১৫
নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আদমেদ পলককে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে তাকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় উনিশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তিন মামলায় চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে নারায়ণগঞ্জ সদর এলাকায় আবুল হাসনাত স্বজন এবং সিদ্ধিরগঞ্জে শরিফ ও হাফেজ সোলায়মান নামে তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এ তিন ঘটনায় পরিবারের দায়ের করা তিনটি হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে আসামি করা হয়।
রিমান্ড শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবীর অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন খান অভিযোগ করে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ তৎকালীন মন্ত্রিপরিষদের এক সভায় ছাত্রলীগ ও যুবলীগকে আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ দেয়া হয়। সেই অনুযায়ী নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়।’
এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার কথা জুনাইদ আহমেদ পলক আদালতে স্বীকার করেছেন বলেও জানান বাদীপক্ষের এই আইনজীবী। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জুনাইদ আহমেদ পলককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে হাজির করা হয়। এসময় তার উপযুক্ত শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে শ্লোগান দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
ইউডি/কেএস

