নোমানকে শেষ শ্রদ্ধা বিএনপির
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২০:৫০
দলের প্রবীণ নেতা আবদুল্লাহ আল নোমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে আসর নামাজের পর কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত ভাইস চেয়ারম্যান নোমানের কফিন আনা হয়। প্রথমে কালো কাপড়ে আচ্ছাদিত স্থানে কফিনটি রাখার পর দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা তা বিএনপির পতাকা দিয়ে ঢেকে দেন।
পরে মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতারা দলের পক্ষ থেকে কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বিএনপির শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর বিএনপি, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে নয়া পল্টনের সড়কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি মহাসচিবসহ শীর্ষ স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, জহির উদ্দিন স্বপন, এম এ হালিম, শাহজাদা মিয়া, আরিফুল হক চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, মাহবুবে রহমান শামীম, মীর হেলাল, ইশরাক হোসেন, বিএলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জাগপার আসাদুর রহমান আসাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
পরিবারের সদস্যরা বলেন, আমেরিকা থেকে তার মেয়ে দেশে ফিরলে শুক্রবার চট্টগ্রামে রাউজানের নিজের গ্রামের বাড়ি গহিরায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
ইউডি/এবি

