শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের

শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের

উত্তরদক্ষিণ। বুধবার (২৬ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:১৫

আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় ‘তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করতে পারবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে চীনা সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির সরকার-নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেইজিংয়ের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) আমেরিকা থেকে ৭ থেকে ১০ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার পরিকল্পনা করছে। যা মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই করা হচ্ছে।

ঝু আরও বলেন, ‘সুরক্ষা ফি’ দিয়ে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করা যাবে না। দাবার গুটি শেষ পর্যন্ত ত্যাজ্য গুটিতেই পরিণত হবে।

গত ১৯ ফেব্রুয়ারি তাইওয়ানের নেতা লাই চিং-তে বলেছিলেন, ‘তাইওয়ান দাবার গুটি নয়, বরং দাবার খেলোয়াড়’।

এ প্রসঙ্গে ঝু বলেন, এই বক্তব্য রীতিমত আত্মপ্রবঞ্চনামূলক এবং হাস্যকর। এখন তারা শত শত বিলিয়ন নতুন তাইওয়ান ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের কাছে আনুগত্য প্রকাশ করছে। যা তাইওয়ানকে একটি ‘বারুদের পিপে’-তে পরিণত করছে।

চীনা এই মুখপাত্র আরও বলেন, এ ধরনের পদক্ষেপ তাইওয়ানের জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে। আর এটি তাইওয়ানের স্বাধীনতার জন্য বিদেশি শক্তির ওপর নির্ভর করা ডিপিপি-র একটি ব্যর্থ প্রচেষ্টা বৈ কিছুই না।

একই সঙ্গে ঝু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালীতে শান্তি একসঙ্গে চলতে পারে না। তাইওয়ান হলো চীনের তাইওয়ান। যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে ১.৪ বিলিয়ন চীনা জনগণ কখনোই তা মেনে নেবে না। সাহসী ও যুদ্ধকৌশলে পারদর্শী চীনা পিপলস লিবারেশন আর্মিও কখনোই তা মেনে নেবে না’।

চীন মূলত তাইওয়ানকে তার একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে। যদিও ১৯৪৯ সাল থেকে দ্বীপটি কার্যত স্বাধীনভাবেই পরিচালিত হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading