ইন্ডিয়া ম্যাচের আগে অস্ট্রেলিয়া স্কোয়াডে তরুণ অলরাউন্ডার
উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৫:১৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগে স্কোয়াডে নতুন অলরাউন্ডারকে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। আফগানিস্তান ম্যাচে টপঅর্ডার ম্যাথিউ শর্ট উরুর ইনজুরিতে পড়ায় দলে নেওয়া হয়েছে তরুণ কোপার কনোলিকে।
মূল স্কোয়াডে আসার আগে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে পাকিস্তান সফরে যান মাত্র ৩টি ওয়ানডে খেলা কনোলি। দুবাইয়ে ধীরগতির পিচে এ অর্থোডক্স স্পিনার কার্যকর হবেন, এমন প্রত্যাশা অস্ট্রেলিয়ার।
তবে কনোলি একাদশে জায়গা পাবেন কিনা, তা এখনো নিশ্চিত করে বলা যায় না। যদিও বিবেচনায় থাকা আরেক টপঅর্ডার কাম লেগস্পিনার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার্ক থেকে অনেকটা এগিয়ে তিনি।
মিচেল মার্শ ছিটকে যাওয়ায় ম্যাকগার্ককে দলে নেয় অস্ট্রেলিয়া। তবে সম্প্রতি একেবারেই ফর্মে নেই ২২ বছর বয়সী মারকুটে ডানহাতি ব্যাটার। সর্বশেষ ৭ ওয়ানডেতে ১৪ গড়ে মাত্র ৯৮ রান করেছেন তিনি।
গতকাল রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া। ফলে সেমিতে তাদের খেলা পড়ে বি-গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। হেরে গেলে ইন্ডিয়ানদের প্রতিপক্ষ হতো বি-গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
হাইব্রিড মডেল কার্যকার হওয়ায় সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলার সুযোগ পেয়েছে ইন্ডিয়া। যেহেতু নিউজিল্যান্ড-ইন্ডিয়া ম্যাচের আগে নিশ্চিত ছিল না সেমিতে কার বিপক্ষে খেলতে হবে- তাই দুবাই সফর করতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড হেরে যাওয়ায় পাকিস্তান ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। দুবাইয়ে রয়ে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে; যেখানে ইন্ডিয়াকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের সোনালি ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ইন্ডিয়ার সামনে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ।
ইউডি/এআর

