জেদ্দায় ওআইসি সম্মেলনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ মার্চ, ২০২৫, আপডেট ১৩:৩৫
সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) জেদ্দার উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থান সবসময় ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশে ক্ষমতায় যারাই থাকুক ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে থাকে। অন্তর্বর্তী সরকারও ফিলিস্তিনকে অব্যাহত সমর্থন দিচ্ছে। বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।
ইউডি/সিফাত

