নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তারা নেবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তারা নেবে: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৪০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তারা নেবে। অবশ্য তিনি এও বলেন, নির্বাচনে কে অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে। ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেছেন।ঢাকায় তিনি তার সরকারি বাসভবনে সাক্ষাৎকারটি দেন। সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হুসেইন। ইংরেজি সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (০৬ মার্চ) বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, তারা (আওয়ামী লীগ) এটা (ভোট) করতে চায় কি না, সেই সিদ্ধান্ত তাদেরকেই (আওয়ামী লীগ) নিতে হবে। তাদের সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। কারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন ঠিক করে।

ড. ইউনূস বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অর্থনীতি। ভেঙে চুরমার হয়েছে অর্থনীতি, বিধ্বস্ত অবস্থা। যেন ১৬ বছর ধরে কোনো ভয়ানক টর্নেডো চলছে এবং আমরা (বিধ্বস্ত) টুকরোগুলো জড়ো করার চেষ্টা করছি।

শেখ হাসিনার পতনের পর যখন ড. ইউনূসকে সরকারের দায়িত্ব নিতে বলা হয়, তখন তিনি ‘হতভম্ব’ হয়ে পড়েছিলেন। সে কথা তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, সরকারের নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আগে কখনো সরকার যন্ত্রের কোনো অংশ চালাইনি এবং সেই দায়িত্বই তখন কাঁধে এল। দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতি ঠিক করাই দেশের জন্য অগ্রাধিকার ছিল জানিয়ে ড. ইউনূস বলেন, এসব ঠিক হওয়ার পরে আমরা সংগঠিতভাবে কাজ শুরু করি। বাংলাদেশের এখনকার বহু সংকটের জন্য আগের সরকারকে দুষছেন ড. ইউনূস। তিনি বলেন, আমি বলছি যে, হঠাৎ করে তৈরি করা একটি আদর্শ দেশ বা একটি আদর্শ শহর আমরা নই, এ বিষয়টি আপনাকে বিবেচনায় নিতে হবে। এটা সেই ধারাবাহিকতা- যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই দেশটি বহু, বহু বছর ধরে এভাবে চলছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading