স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৬ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫০
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০২৫ সালে ৮ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র থেকে এ তথ্য জানা যায়।
শিগগির মনোনীতদের নামের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
সূত্রে আরও জানা গেছে, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে।
স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।
ইউডি/এবি

