হামাসকে ট্রাম্পের শেষ সতর্কবার্তা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৬ মার্চ), ২০২৫, আপডেট ২২:০০
আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন। অন্যথায় ‘নারকীয় পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া দীর্ঘ এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা দরকার, আমি সব পাঠাচ্ছি। যদি আমার কথা না মানো, তবে হামাসের একজন সদস্যও নিরাপদ থাকবে না।
বিবিসি লিখেছে, ট্রাম্পের এই বক্তব্যের পর হামাস অভিযোগ করেছে যে, তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে উস্কানি দিচ্ছেন।
হোয়াইট হাউজ এর আগে নিশ্চিত করেছে, ফিলিস্তিনের ছিটমহল গাজায় বন্দি থাকা মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে গোপনে সরাসরি আলোচনা শুরু করেছে আমেরিকা। এরপরই ট্রাম্প এই হুঁশিয়ারি দেন সোশ্যাল মিডিয়ায়।
যদিও এখন পর্যন্ত আমেরিকা হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলেছে, কারণ মার্কিন নীতিতে সংগঠনটিকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার পোস্টে আরও লেখেন, যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তবে ‘নারকীয় পরিণতি’ ভোগ করতে হবে। তবে তিনি ইসরায়েলকে কী ধরনের সহায়তা দিচ্ছেন, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি বলে জানিয়েছে বিবিসি।
গাজার সাধারণ মানুষের উদ্দেশেও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তবে তা কেবল জিম্মিদের মুক্তির বিনিময়ে। যদি তাদের আটকে রাখ, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে!
হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, এ ধরনের হুমকি যুদ্ধবিরতি চুক্তিকে আরও জটিল করে তুলছে এবং দখলদার ইসরায়েলকে চুক্তির শর্ত বাস্তবায়ন থেকে বিরত থাকার উৎসাহ দিচ্ছে।
ইউডি/এবি

