ধীরে ধীরে সাগরে বিলীন হয়ে যাচ্ছে আলেকজান্দ্রিয়া

ধীরে ধীরে সাগরে বিলীন হয়ে যাচ্ছে আলেকজান্দ্রিয়া

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ০৮:৫০

আলেকজান্দ্রিয়া শহরটি আরবিতে ‘আল ইস্কান্দারিয়া’ নামে পরিচিত। এটি মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এই শহরেই মিসরের বৃহত্তম সমুদ্রবন্দর অবস্থিত। এই শহরটি গভর্নর শাসিত এবং এ ধরনের শহরকে মিসরে মুহাফাজা বলা হয়। আলেকজান্ডারের আগমনের আগে এই শহরের নাম ছিল রাকোটিস।

আলেকজান্দ্রিয়ার নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতা মহান আলেকজান্ডারের নামানুসারে। আলেকজান্ডারের মৃত্যুর পর তাঁর অন্যতম সেনাপতি টলেমি আলেকজান্ডারের সাম্রাজ্যের এই অংশের অধিকারী হন। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই প্রাচীন নগরীটি ক্লিওপেট্রার জন্মস্থান হিসেবেও পরিচিত। অথচ এই প্রাচীন নগরীটিই আজ অবিশ্বাস্য দ্রুতগতিতে সাগরে তলিয়ে যাচ্ছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে গত দুই দশকে আলেকজান্দ্রিয়ার ২৮০টি ভবন সাগরে তলিয়ে গেছে। এই নগরীটি যে সত্যিই সাগরে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, সেটি নিয়ে একটি বিশাল প্রতিবেদন ছেপেছে ‘আর্থস ফিউচার’ নামের জার্নাল।

প্রতিবেদনটিতে বলা হয়, ২৩০০ বছরের এই পুরনো নগরীটির ২৮০টি ভবন গত ২০ বছরে ভূমধ্যসাগরে বিলীন হয়ে গেছে। আরো সাত হাজার ভবন সাগরে ধসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ২০১৪ ও ২০২০ সালের মধ্যে এখানকার ৮৬টি ভবন পুরোপুরি তলিয়ে যায়। ২০১টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোট ৮৫ ব্যক্তি প্রাণ হারায়।

গবেষণাধর্মী এই প্রবন্ধটির সহলেখক ও সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের পানিবিজ্ঞানী এসাম হেগি বলেন, ‘এসব ভবন ধসের ক্ষতি আপনি ইট-পাথর দিয়ে মাপতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে এই প্রাচীন নগরীটি সাগরে তলিয়ে যাচ্ছে। জলবায়ুজনিত ঝুঁকিগুলো সম্পর্কে আমরা বলতাম, এসব আসলে অনেক দূরের ঘটনা। অথচ সেই ঝুঁকিই আজ কতই না বাস্তব।’

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় এই নগরীর ভবনগুলোর নিচে পানির পরিমাণও দিন দিন বাড়ছে। ভূমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণেও ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সূত্র : ডেইলি সায়েন্স ডটঅর্গ।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading