ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, আপডেট ১৩:৫০
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এক আদেশে আদালত আগামী দুই মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
এর আগে খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা সচিন্দ্র নাথ শীল এ বিষয়ে রিট করেন।
ইউডি/কেএস

