পাওনা টাকা চাওয়ার জেরে সংঘর্ষ, আহত ২০
উত্তরদক্ষিণ। বুধবার, ১২ মার্চ, ২০২৫, আপডেট ১২:০৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাওনা টাকা চাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) সকালে উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মন্টু মোল্লা একই গ্রামের লিখন হোসেনের কাছে জমিতে হালচাষ করার জন্য এক হাজার টাকা পেতেন। মঙ্গলবার রাতে সেই টাকা চাওয়ার বিষয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
বুধবার সকালে এরই জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে স্বপন বিশ্বাস নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুদলের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এলাকাটি এখনও উত্তেজিত থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউডি/কেএস

