সিরাজগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৪:৫৫
সিরাজগঞ্জের কাজীপুরে নয়ন সরকার (৪২) নামের এক বিএনপি নেতার বসতঘরে তালা দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বাড়ির দুটি টিনের ঘর ও কক্ষে থাকা সব মালামাল পুড়ে গেছে।
শনিবার (১৫ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নয়ন সরকার ওই এলাকার বাচ্চু সরকারের ছেলে ও সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য।
ক্ষতিগ্রস্ত নয়ন সরকার জানান, প্রতিদিনের মতো আমার পরিবার ও পরিজন নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু গভীর রাতে মাদক কারবারি শিবলু রেজা বাবু আমার পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘরের দরজায় বাইরে থেকে তালা থাকায় আমরা বের হতে পারছিলাম না। পরে আগুনের উত্তাপে আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের রক্ষা করেন। তবে বাড়ির সব কিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রতিবেশী আরিফ সরকার বলেন, শিবলু রেজা বাবু একজন মাদক কারবারি। তার এসব কাজে বিভিন্ন সময়ে বাধা দেওয়ায় শত্রুতা করে এই অগ্নিসংযোগ ঘটিয়েছেন। এ ঘটনায় তার সঠিক বিচার হওয়া দরকার।
কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, মুঠোফোনে জানতে পেরে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ওই বসতবাড়ির দুটি ঘরসহ সকল কিছুই পুড়ে গেছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিবে বলে জানিয়েছেন। অভিযোগটি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/ আরকে

