মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় গ্রেপ্তার যুবক

মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় গ্রেপ্তার যুবক

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৬: ৫৫

ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ভোলার চরফ্যাশন খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় ১০ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় তালহা (১৯) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আছাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতব্যাপী অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিচারের দাবিতে বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেছেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, গত ১৪ মার্চ রাতে মসজিদের সৌন্দর্য দেখানো ও মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে চরফ্যাশন খাসমহল মসজিদের তৃতীয় তলায় নিয়ে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটে। পর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অধিকতর তদন্তে এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি-না বা কী উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানতে পারব।

সংবাদ সম্মেলনে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজ শেষে খাসমহল মসজিদে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শিশুটির বাড়ি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে। সে চরফ্যাশন উপজেলা শহরের একটি মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র। বলাৎকারের শিকার শিশুটি বর্তমানে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading