১৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি

১৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি
আবহাওয়া

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ১৬:০৯

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে এবং পাঁচটি বিভাগের দু-একটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে। এই পূর্বাভাসের মধ্যে দুপুরের পর থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীতে তাপপ্রবাহের প্রভাব দেখা যাচ্ছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার (১৭ মার্চ) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-একটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৯ মার্চ) সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading