রানার খেলা উচিৎ বিদেশি লিগে : অধিনায়ক শান্ত

রানার খেলা উচিৎ বিদেশি লিগে : অধিনায়ক শান্ত

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ১৬:২৪

আবাহনীর হয়ে মাঠ মাতাচ্ছেন গতিময় পেসার নাহিদ রানা। গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল এই তারকা পেসারের। বিশেষ করে লাল বলের ক্রিকেটে গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে নজর কেড়েছেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটর।

বাংলাদেশের উঠতি সেনসেশন নাহিদ রানার পিএসএল খেলা নিয়ে আছে নানা প্রশ্ন। বিশেষ করে এনওসি পাবেন কি না তা নিয়ে চলছে আলোচনা। এরইমাঝে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন নাহিদ রানার অবশ্যই খেলা উচিৎ বিদেশি এই লিগে। সোমবার (১৭ মার্চ) মিরপুরে দলীয় অনুশীলন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক, সবকিছুর ওপর।’

রানা ডাক পেয়েছেন পাকিস্তানের সুপার লিগ পিএসএলে। সেখানে পেশোয়ার জালমিতে ডাক পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করবেন বাবর আজমের মতো তারকা।

তবে বাইরের লিগে খেলার প্রশ্নে চলে আসে রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নানা কথা। শান্ত জানালেন ডিপিএলের দল আবাহনী পুরো নজর রাখছে রানার দিকে, ‘বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কথা বার্তা হচ্ছে। যেটা সব থেকে ভালো দিক, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভালোভাবে করছে। ন্যাশনাল টিমে যারা ফিজিও-ট্রেনার, যারা আবাহনীতে কাজ করছেন, তারা এটা মেইনটেইন করছে।’

শান্তর ভাষ্য, ‘এখনও পর্যন্ত আল্লাহর রহমতে ফিট আছে। সেই এনার্জি নিয়েই খেলছে। আশা করব সামনে যে ম্যাচগুলো আছে, যে পরিকল্পনা দেয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে এবং এখান থেকে সে অনুযায়ীই সে খেলবে। আমি আশা করব পরের ম্যাচগুলো দিয়ে সে যেন সুস্থভাবে টুর্নামেন্ট শেষ করে।’

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading