‘ছায়া কোচিং প্যানেল’ দেখতে চান সুজন

‘ছায়া কোচিং প্যানেল’ দেখতে চান সুজন

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ১৮:৫০

জাতীয় দলের কোচিং প্যানেলে স্থানীয় কোচ নিয়োগ দেওয়া হয়েছে। পুরুষ ও নারী উভয় দলেই স্থানীয় কোচরা দায়িত্ব পালন করছেন। তবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করছেন, দেশি কোচদের জন্য আলাদা একটি কাঠামো প্রয়োজন।

সুজন গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার ম্যাচ শেষে বিসিবির সাবেক পরিচালক প্রস্তাব দেন জাতীয় দলের জন্য একটি ‘ছায়া কোচিং প্যানেল’ গঠনের, যা মূল কোচিং স্টাফের পাশাপাশি কাজ করবে, ‘আমার মনে হয়, জাতীয় দলের প্রধান কোচের অধীনে একটি ছায়া কোচিং টিম থাকা জরুরি। এই কোচরা জাতীয় দলের সঙ্গে সফর করবে, মূল কোচিং স্টাফদের সঙ্গে কাজ করবে। ব্যাটিং, স্পিন কিংবা পেস বোলিং—সবকিছুর জন্যই আলাদা ছায়া কোচ থাকা দরকার।’

এক্ষেত্রে আবার জাতীয় দল নিয়ে ভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি, ‘যখন জাতীয় দল বিদেশ সফরে যাবে, তখন দেশের খেলোয়াড়দের পরিচর্যা করা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ১৫ জনের স্কোয়াড তো থাকেই, কিন্তু আরও ১৫ জনকে তৈরি রাখা জরুরি। কারণ ইনজুরি, অফ ফর্ম—নানান কারণে পরিবর্তন আসতেই পারে।’

নিজের ভবিষ্যৎ কোচিং ক্যারিয়ার নিয়ে সুজন বলেছেন, ‘বিসিবি হয়তো আমাকে বড় কোচ হিসেবে যোগ্য মনে করে না। এটা নিয়ে আমি চিন্তিত নই। যদি কোনও সময় দায়িত্বের ডাক পাই, তখন ভেবে দেখবো। তবে বাংলাদেশে এখন অনেক ভালো কোচ তৈরি হচ্ছে। তরুণ কোচদেরও সুযোগ দিতে হবে। আমাকেই সব করতে হবে এমন কোনও কথা নেই।’

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading