জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ওয়েবসাইটের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ওয়েবসাইটের উদ্বোধন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, আপডেট ১৯:৫০

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com) উদ্বোধন করা হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

এ সময় উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে। ওয়েবসাইট থেকে গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এর পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইট তৈরি একটি যুগান্তকারী উদ্যোগ। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানতে পারবে। সচিব ওয়েবসাইটটিকে আরও তথ্যসমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেন, তথ্য অধিদপ্তর গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনার আলোকে তথ্য অধিদপ্তর খুব স্বল্প সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইট সমৃদ্ধকরণেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ওয়েবসাইটে চারটি ক্যাটাগরিতে গণঅভ্যুত্থান-সংক্রান্ত তথ্য আপলোড করা হয়েছে। ‘স্ক্যান নিউজপেপার’ ক্যাটাগরিতে গণঅভ্যুত্থানকালীন পত্রিকাসমূহের সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে। ‘নিউজ ক্লিপিং’ ক্যাটাগরিতে রয়েছে গণঅভ্যুত্থান চলাকালীন পত্রিকায় প্রকাশিত সংবাদের ক্লিপিং। ‘ফটো অ্যালবাম’ ক্যাটাগরিতে পত্রিকায় প্রকাশিত এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত আন্দোলন-সংক্রান্ত স্থিরচিত্র আপলোড রয়েছে। এছাড়া ‘রিজিওনাল নিউজপেপার’ ক্যাটাগরিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের পত্রিকার সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading