টিসিবির জন্য ৯৩ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:৫৫
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ৯৩ কোটি টাকা।
মঙ্গলবার (৮ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।
শেখ অ্যাগ্রো ফুডস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯২ কোটি ৭৫ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯২ টাকা ৭৫ পয়সা।
ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব মসুর ডাল বিক্রি করা হবে।
সভায় মসুর ডাল ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সয়াবিন তেল ও চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
ইউডি/এআর

