পটুয়াখালীতে হত্যার দায়ে ২৩ জনের যাবজ্জীবন
উত্তরদক্ষিণ। বুধবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ০০:৩০
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওহাব মল্লিক নামের বৃদ্ধকে পিটিয়ে হত্যার দায়ে ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল করিম এ রায় ঘোষণা করেন।
দীর্ঘ নয় বছর ধরে বিচারপ্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করে আদালত। দণ্ডপ্রাপ্তরা সকলে কালিশুরী ইউনিয়নের বাসিন্দা।
মামলার বাদী সাইদুর রহমান সোহেল বলেন, “আমার বাবার হত্যার দীর্ঘদিন পর আমরা ন্যায়বিচার পেলাম। এখন তার আত্মা শান্তি পাবে। বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ হোসেন বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে, অপরাধীরা শেষ পর্যন্ত আইনের আওতায় আসবেই। রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছে।”
২০১৬ সালের ২০ মার্চ কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সোহেল মল্লিকের এজেন্টের বাড়িতে হামলা চালান আসামিরা। হামলার সময় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন। পরদিন ২১ মার্চ তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর নিহতের ছেলে সাইদুর রহমান সোহেল মল্লিক বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালে পুলিশ চার্জশিট জমা দেয়।
আসামিরা হলেন—হাফিজুর রহমান (২৭), তোফায়েল সরদার (৩৯), শামীম সরদার (৩৫), এলমাছ সরদার (৩৪), সোহরাব সরদার (৪৭), নাঈম মল্লিক (৫৭), আব্দুর রাজ্জাক সরদার (৪২), মুসা সরদার (৩২), সামসু সরদার (৩৪), মাওলা সরদার (৩৯), ইউসুফ সরদার (৩৭), ফরিদ আহম্মেদ (৬১), জসিম সরদার (৪১), বাবলু (৪৫), ডালিম তালুকদার (৩১), ফিরোজ সিকদার (৪৩), হাসান গাজী (৩২), সেকান্দার সরদার (৫৭), জামাল (৩৫), শামীম হাওলাদার (২৮), জহিরুল ইসলাম বাবুল (৫২), মন্টু সরদার (৩৫), এবং দুলাল সরদার ওরফে ভয় (৪৫)।
তবে দণ্ডপ্রাপ্তদের পরিবার এই রায়কে একপেশে ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেছে আসামীরা। তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
ইউডি/এবি

