সুন্দরবনে ফের জলদস্যুদের অপতৎপরতা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:০০
২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা হওয়ায় এ অঞ্চলের জেলেরা ভালোই ছিল। কিন্তু সম্প্রতি আবারও বন ও জলদস্যুর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক। মাথা চাড়া দিয়ে উঠেছে জলদস্যু করিম শরিফ বাহিনী।
সুন্দরবনের জিম্মিদশা থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বনের খরখরী নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়। এসময় জব্দ করা হয়েছে ১৬টি কাঠের নৌকা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, বুধবার সকালে বন বিভাগের অফিস থেকে পাস পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরার জন্য সুন্দরবনের উদ্দেশ্যে যান জেলেরা। দুপুরে জলদস্যু করিম শরীফ বাহিনী তাদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে। তাদের জিম্মিদশা থেকে ছাড়া পেতে প্রতি জেলের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণের দাবি করে দস্যুরা বলে জানান ছেড়ে আসা জেলেরা।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সুন্দরবনের খরখরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দস্যুদের আস্তানা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ৬ নারী জেলেসহ ৩৩ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। মুক্ত করা হয় জেলেদের মাছধরা কাজে ব্যবহৃত ১৬টি নৌকা-জালসহ অন্যান্য মালামাল।
উদ্ধারকৃত জেলেদের কোস্টগার্ড স্টেশনে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেয়া হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ি খুলনা জেলার কয়রা থানার ৪,৫ ও ৬ নং কয়রা গ্রামের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। কোস্টগার্ড উদ্ধারকৃত জেলে ও নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক বলেন, ‘২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা হওয়ায় এ অঞ্চলের জেলেরা ভালোই ছিল। কিন্তু সম্প্রতি আবারও বন ও জলদস্যুর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েক মাস ধরে বনের বিভিন্ন নদী ও খালে জেলে অপহরণ ও মুক্তিপণ নেয়ার খবর পাচ্ছি। ৯ এপ্রিল বুধবার নারী জেলেসহ ৩৩ অপহরণকৃত জেলেকে বনদস্যু করিম শরিফের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড আওতাধীন এলাকাসমূহে মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে ২৪ ঘণ্টাব্যাপী টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে আওতাধীন এলাকা সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।’
ইউডি/এআর

