আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত আবদুল্লাহ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, আপডেট ২১:০৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের (সমঝোতা) রাজনীতি আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের (আপস) রাজনীতির বিরোধিতাকে “শিষ্টাচারবহির্ভূত” বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’
যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি- অতিশিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন উল্লেখ করে তিনি লেখেন, ‘না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’
এদিকে মঙ্গলবার ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়েছে। আওয়ামী লীগের অনেক সমর্থক ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, রাজধানীর বাড্ডা এলাকায় স্থানীয় একজন সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই মিছিল হয়েছে। এরপর সন্ধ্যায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
ইউডি/এআর

