সবাইকে একমত হতে হবে, এটা তো বাকশালি চিন্তা: সংস্কার প্রসঙ্গে আমীর খসরু
উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, আপডেট ২২:৩০
দেশের চলমান সংস্কার নিয়ে সবাইকে সব বিষয়ে একমত হতে হবে বলে মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সবাইকে যে একমত হতে হবে, এটা যারা চিন্তা করে, এটা তো একটা বাকশালি চিন্তা, যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন।’
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন আমীর খসরু।
এর আগে সেখানেই বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বে দলটির নেতারা বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। আর বিজেপির পক্ষে আন্দালিভ রহমান পার্থ ও দলটির মহাসচিব মতিন সাউদসহ ১০ সদস্য উপস্থিত ছিলেন।
ইউডি/এবি

