বিএনপি এখন আ.লীগের জন্য মায়াকান্না শুরু করেছে: মামুনুল হক

বিএনপি এখন আ.লীগের জন্য মায়াকান্না শুরু করেছে: মামুনুল হক

উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, আপডেট ২১:৪০

বিএনপি এখন আওয়ামী লীগের জন্য মায়াকান্না শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে আপনারা দাবি তুলতে পারবেন না। আপনারা বিএনপির ওইসব হাজার হাজার গুম, খুন, হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার শহীদদের সঙ্গে গাদ্দারি করতে পারেন কিন্তু এদেশের জনগণ গাদ্দারি করতে পারে না।’

মাওলানা মামুনুল হক বলেন, ‘সব শহীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বংলাদেশের ৫৫ হাজার বর্গ মাইলের কোথাও রাজপথে নামতে দেয়া হবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরের গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে এ গণসমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন এবং গণহত্যাকারী দল হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে ২৪-এর বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছেন এবং তাদের সহায়তাকারী সব অঙ্গসংগঠন ও নেতৃত্বদানকারী অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, খেলাফত মজলিস মনে করে, দেশে প্রথমে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এরপর নির্বাচন। এ সময় ৭২-এর বাকশালী কালো সংবিধান বাতিল করে আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে একটি নতুন সংবিধান রচনার দাবি তোলেন খেলাফত মজলিসের আমির।

নারী অধিকারের প্রস্তাবনা নিয়ে সংস্কার কমিশনের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘সংস্কার কমিশন নারীর অধিকারের নামে জঘন্যতম প্রস্তাবনা পেশ করেছে। আমরা সেই প্রস্তাবনা বাতিলের দাবি জানাই। একইসঙ্গে সরকার প্রধানের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সেই নারী অধিকার প্রস্তাবনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে সম্মত হয়েছে; যা এদেশের আলেম-ওলামাদের অনুভূতির পরিপন্থী।’

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সময় থাকতে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান।

ইন্ডিয়ার সাম্প্রদায়িক আগ্রাসন প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, ‘গোটা ভারতজুড়ে মুসলমানদের ওপর সাম্প্রদায়িক আগ্রাসনের পাঁয়তারা চলছে। সেখানে মুসলিমদের সম্পদ কেড়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে হিন্দুরা। তাই ইসরাইলের নৃশংস গণহত্যা এবং ইন্ডিয়ার মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে গণজাগরণ গড়ে তুলতে হবে। অন্যায়ভাবে মুসলমানদের রক্ত ঝরানো চললে, সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন মাওলানা মামুনুল হক।

সে বিষয়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সরকার প্রধানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

খেলাফত মজলিস রংপুর জেলা শাখার আয়োজিত গণসমাবেশে উপস্থিত ছিলেন: সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি সারাফাত হোসাইন, রংপুর জেলা শাখার সভাপতি কারী মোহাম্মদ আতাউল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading