নারী কমিশনের প্রস্তাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত: মামুনুল হক
উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:০০
নারী কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া, আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তৃতা করেন তিনি।
মামুনুল হক বলেন, নারী কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত। এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি।
তিনি বলেন, ‘এই প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করতে চাইলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। এ জন্য যদি আমাদের যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে চাই।’
খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমরা নারীদের প্রকৃত ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই। ইসলাম নারীর অগ্রাধিকার, ন্যায্য অধিকারের কথা বলেছে। সে জন্য আমরা বলতে চাই: আপনারা নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন, তাদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেবেন না।’
ইউডি/এআর

