পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান নাহিদ ইসলামের

পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান নাহিদ ইসলামের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ মে, ২০২৫, আপডেট ১৯:৫৫

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এনসিপির দিকে জনগণ তাকিয়ে আছে মন্তব্য করে দলটির আহ্বায়ক বলেন, প্রতিটি ঘরে ঘরে যেয়ে এনসিপির বার্তা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি করুন। সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার করা হবে।

এ দেশের মানুষ অধিকার আদায়ে অসংখ্যবার রাজপথে নেমেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। ’৪৭-এর আজাদিদের স্বপ্ন লুট হয়েছিল, যার কারণেই মানুষ ’৭১ সালে অস্ত্র হাতে নিয়েছিল। কিন্তু ’৭২ সালে মুজিবাবাদীদের হাতে সেটা বেহাত হয়েছিল। মুজিববাদী সংবিধানের নামে ভারতের হাতে তুলে দেয়া হয়েছিল। মানুষের আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত করা হয়েছিল। গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা হয়েছিল।

‘১৯৯০ সালে মানুষ আবার গণ-অভ্যুত্থান করেছিল। কিন্তু রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল তা রক্ষা করেনি, যার কারিণেই এত বছর পর আবার মানুষকে রাজপথে নামতে হয়েছে। আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছে। পিলখানা ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল’, যোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের শহীদ এবং আহতদের মর্যাদা দিতে পারেনি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন,
সরকারের কাছে জুলাই গণ-অভ্যুত্থান এবং এর আগের ১৬ বছরের গণহত্যার বিচারের দাবি ছিল। কিন্তু গণ-অভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, এটি সামষ্টিক ব্যর্থতা।

‘মামলা বাণিজ্য চলছে, বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। এছাড়া যারা হাসিনা খুনি কিনা প্রশ্ন করছে, তারা সাংবাদিক না, ফ্যাসিস্টের দোসর’, যোগ করেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক দাবি করেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচার চলা পর্যন্ত আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই ঘোষণাপত্র দিতে হবে। রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদ তৈরি করতে হবে। তাতে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কিথা থাকতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে। ঢাকা একদিন এই দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading