নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
উত্তরদক্ষিণ। বুধবার (০৭ মে), ২০২৫, আপডেট ২২:৪০
রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা পেপাল কনক্লেভ শুরু হয়েছে। প্রার্থনার মধ্যদিয়ে বুধবার (৭ মে) সকালে রোমে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। এই আয়োজনে সভাপতিত্ব করছেন ৯১ বছর বয়সি কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।
নতুন পোপ নির্বাচনের জন্য এর আগেই ভ্যাটিকানে জড়ো হয়েছেন বিশ্বের ১৩০ জনের বেশি কার্ডিনাল। ভ্যাটিকান সময় বুধবার বিকেলে তারা বিখ্যাত রেনেসাঁ ফ্রেস্কোর নিচে ভোট দেয়ার জন্য সিস্টিন চ্যাপেলে যাবেন।
রোমান ক্যাথলিকদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচিত নতুন পোপই বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানদের পরবর্তী নেতৃত্ব দেবেন।
দিনটি স্মরণীয় করে রাখতে ঝিরিঝিরি বৃষ্টির সকালেই সাধারণ মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি বিশেষ প্রার্থনায় অংশ নেন। ২৬৭তম পোপ নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন কার্ডিনালরা। তাদের সভাকেই কনক্লেভ বলা হয়।
বর্তমানে ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল আছেন। কিন্তু মাত্র ১৩৩ জন নতুন পোপ নির্বাচনে ভোট দিতে পারবেন কারণ এই প্রক্রিয়ায় অংশ নিতে তাদেরকে ৮০ বছরের কম বয়সি হতে হবে।
ভ্যাটিকানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে কার্ডিনালরা চ্যাপেলে প্রবেশ করার পর নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত তাদের বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ থাকবে না।
ইউডি/এবি

