বাংলাদেশকে সফল করতে চট্টগ্রামকে সফল করতে হবে: বিডা চেয়ারম্যান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৮ মে), ২০২৫, আপডেট ২৩:৫০
দীর্ঘমেয়াদে দেশকে ‘গ্লোবাল ফ্যাক্টরি’ বা বৈশ্বিক শিল্পোৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বন্দর ঘিরে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে জোর দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেছেন, “র্দীঘমেয়াদে লক্ষ্য হল বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি করতে চাই, ম্যানুফেকচারিং হাব করতে চাই। আমাদের জনসংখ্যার বড় অংশ হচ্ছে তরুণ। তাদের ব্যবসা করার জন্য বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করতে হবে। সেজন্য আমাদের চট্টগ্রাম বন্দরকে উন্নত করতে হবে।
“ঢাকাকে নিয়ে অনেক কথাবার্তা হয়। ঢাকা বাংলাদেশের অফিসিয়াল ক্যাপিটাল, কিন্তু ঐতিহাসিকভাবে চট্টগ্রাম কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট (প্রসিদ্ধ)। ভৌগোলিকভাবে চট্টগ্রাম সবসময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের লক্ষ্য সফল করতে হলে চট্টগ্রামকে সফল করতে হবে।”
বৃহস্পতিবার (০৮ মে) সকালে লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত টার্মিনাল প্রকল্প, বে-টার্মিনাল প্রকল্প এলাকা এবং বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকা পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান। এরপর বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামকেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়নে জোর দেন তিনি।
তিনি বলেন, “দেশের মোট শিল্প উৎপাদনের বড় অংশ চট্টগ্রামে হয়ে থাকে। এ বিভাগের ৩০-৪০ শতাংশ এলাকায় শিল্পায়ন হয়ে থাকে। আমরা সামনের দিনের বড় বড় প্রকল্পগুলোর কথা বলি বিশেষ করে চাইনিজ স্পেশাল ইকনোমিক জোন, সেটি চট্টগ্রামে। জাতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাইতে, আমরা আরেকটি ইকনোমিক জোন নিয়ে কথা বলছি সেটাও চট্টগ্রামে হবে। যেসব ম্যানুফেকচারিং পাওয়ার হাউসগুলোর কথা বলছি সেগুলো চট্টগ্রামে।
ইউডি/এবি

