ঠাকুরগাঁও সীমান্তে পুশ ইন করা ১৭ জন আটক
উত্তরদক্ষিণ। শনিবার (১৭ মে), ২০২৫, আপডেট ২১:০০
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ওই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশ ইন করা হয়। পরে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন চাপসার বিওপির একটি টহল দল তাদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীন চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ অভ্যন্তরে রামপুর নামক স্থানে সন্দেহজনক গতিবিধি দেখে ওই ১৭ জনকে আটক করে। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোর ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত ১৭ জনকে অবৈধভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পুশ ইন করার সময় ৪২ বিজিবির টহল দল তাদের আটক করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইন্ডিয়া থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১৭ জনকে আটক করা হয়েছে বলে আমি খবর শুনেছি। তবে ঘটনাটি ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকায় ঘটেছে।’
ইউডি/এবি

