ইরানে ইসরাইলের হামলা: বিশ্ববাজারে ৯% বেড়েছে তেলের দাম

ইরানে ইসরাইলের হামলা: বিশ্ববাজারে ৯% বেড়েছে তেলের দাম

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ জুন, ২০২৫, আপডেট ১২:৫০

ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এরপরেই জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়েছে।

শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরাইলের হামলার সরাসরি প্রতিক্রিয়া পড়েছে তেলের বাজারে। শুক্রবার সকালে বিশ্ববাজারে তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬৫ ডলারে, যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বা ৬ দশমিক ৪৩ ডলার বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৪ দশমিক ৪৭ ডলারে, যা ২১ জানুয়ারি থেকে সর্বোচ্চ।

এমএসটি মার্কির সিনিয়র জ্বালানি বিশ্লেষক শৌল কাভোনিক বলেন, ‘ইরানের ওপর ইসরাইলি আক্রমণ ঝুঁকির প্রিমিয়ামকে আরও বাড়িয়ে দিয়েছে। তেল সরবরাহ বাস্তবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এই সংঘাতকে এই অঞ্চলে তেল অবকাঠামোর ওপর ইরানের প্রতিশোধের পর্যায়ে নিয়ে যেতে হবে। চরম পরিস্থিতিতে ইরান অবকাঠামোর ওপর আক্রমণ চালাতে পারে বা হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করে দিতে পারে, যার ফলে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে।’

এর আগে শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘নেশন অফ লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, এ হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এ হামলায় উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। দুই ডজনেরও বেশি জেট বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এবং সুনির্দিষ্ট।

এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে এক নতুন ভূ-রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলের এই হামলা একদিকে যেমন তাদের নিরাপত্তার অবস্থান শক্তিশালী করেছে, তেমনি ইরানকে প্রতিশোধে উস্কে দিচ্ছে। ফলে পরবর্তী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading