ভেনিসে জেফ বেজোসের বিয়ে ঘিরে রাজকীয় আয়োজন
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ জুন, ২০২৫, আপডেট ১৪:৪০
ধনকুবের জেফ বেজোস ও লরেন সানচেজের বিয়ে ঘিরে রাজকীয় রূপ নিয়েছে ইতালির ভেনিস। তিন দিনব্যাপী এই আয়োজন ঘিরে অতিথিদের ভিড় যেমন জমজমাট, তেমনি স্থানীয়দের মধ্যে ক্ষোভও স্পষ্ট। ব্যয়বহুল এই অনুষ্ঠানের পেছনে খরচ হচ্ছে কোটি কোটি ডলার। আর এতে যোগ দিতে এরইমধ্যে ভেনিসে পৌঁছেছেন বিশ্বের নামিদামি ধনকুবের ও তারকারা।
বিশ্বের অন্যতম ধনকুবের, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতালির প্রাচীন শহর ভেনিসে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে তিন দিনব্যাপী এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেজোস ও সানচেজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ২০১৯ সালে। ২০২৩ সালে তারা বাগদান সম্পন্ন করেন এবং এবার সেই গল্পের পরিণতি হচ্ছে ভেনিসে।
বুধবার সন্ধ্যায় হোটেল ‘আমান’ থেকে ওয়াটার ট্যাক্সিতে করে বের হন জেফ বেজোস ও লরেন সানচেজ। আমান হোটেলের বিলাসবহুল কক্ষ থেকে গ্রান্ড ক্যানেল দেখেন হবু দম্পতি। শুক্রবার সান জর্জিও দ্বীপে হবে বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা, আর শনিবার মূল অনুষ্ঠান হবে কাস্তেলোর আর্সেনালে।
বিয়েতে যোগ দিতে এরইমধ্যে ভেনিসে পৌঁছেছেন বিল গেটস, অপরাহ উইনফ্রে, কিম কার্ডাশিয়ান, অরল্যান্ডো ব্লুম, ইভাঙ্কা ট্রাম্পসহ প্রথম সারির ২০০-২৫০ অতিথি। মার্কো পোলো বিমানবন্দরে অনুমতি চাওয়া হয়েছে ৯৫টির বেশি প্রাইভেট জেটের। এই বিয়ের আনুমানিক ব্যয় ৬ থেকে ৭ কোটি ডলারের মতো।
বেজোসের ঘনিষ্ঠ সূত্র বলছে, ৮০ শতাংশ পণ্য-সেবা ভেনিসের স্থানীয় উৎস থেকেই নেয়া হচ্ছে। তবে বিতর্ক, নিরাপত্তা, হেলিকপ্টার, প্রাইভেট জেট, সব মিলে এই বিয়ে হয়ে উঠেছে গ্ল্যামার আর সমালোচনার এক বিরল মিশ্রণ। কেউ কেউ বলছেন, এটাই হবে ‘শতাব্দীর সেরা বিয়ে’।
সামাজিক মাধ্যমে যতটা প্রশংসা পাচ্ছে, বাস্তবে ক্ষোভও ততটাই। স্থানীয়রা বলছেন, ভেনিস এখন ধনীদের সম্পত্তি। ভেনিসজুড়ে এই আয়োজন ঘিরে চলছে সমালোচনার ঝড়।
তারা জানান, এটি শুধু বিয়ের উৎসব নয়, বরং ভেনিসকে ধনীদের পার্সোনাল পার্কে রূপান্তরের প্রতিচ্ছবি। বেজোসের বিয়ের আয়োজনের বিরুদ্ধে সরব থাকাদের দলে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও যোগ দিয়েছে।
ইউডি/কেএস

