পদ্মা সেতু দুর্নীতি: ফের অনুসন্ধানে দুদক, মিললো মোশাররফের তথ্য-উপাত্ত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, আপডেট ১৪:৩০
পদ্মা সেতু দুর্নীতি মামলার ফের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১ জুলাই) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, পদ্মা সেতু দুর্নীতি মামলার ফের অনুসন্ধানে বিভিন্ন তথ্য ও উপাত্ত হাতে এসেছে দুদকের। এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াসহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কী কী ভূমিকা ছিল, তার উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি।
এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি।
২০১২ সালে একই ঘটনার অনুসন্ধানে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপড়েনের মধ্যে ৭ জনকে আসামি করে মামলা করে দুদক, যে মামলায় গ্রেফতার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। তবে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করেন তৎকালীন দুদকের বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চপ্পু কমিশন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতের পর পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধানে নামে সংস্থাটি।
ইউডি/কেএস

