চলতি বছরের শেষে চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, আপডেট ১২:১০
অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ; এ দুইটি দেশের বিষয়। ফলে সিদ্ধান্ত নিয়ে দুই দেশেরই সম্মতি লাগবে। এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডির মাধ্যমে চূড়ান্ত হলে চায়নিজ কর্তৃপক্ষের কাছে যাবে। এবং বিস্তারিত রিপোর্ট পেলে, শুরু হবে এর বাস্তবায়নের কাজ।’
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী।
পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।
ইউডি/কেএস

