রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে: আলী রীয়াজ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ জুলাই), ২০২৫, আপডেট, ০০:১০
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেছেন, ‘সে খসড়ায় জাতীয় সনদের পটভূমি, গঠনপ্রক্রিয়া, জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং জাতীয় সনদ তৈরি প্রক্রিয়ার বিষয়ে যে বর্ণনা আমরা সেটা রেখেছি।’
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আলী রীয়াজ।
সনদের বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যেসব বিষয়ে আলোচনা হচ্ছে, সেগুলো আমরা অন্তর্ভুক্ত করিনি। কারণ হচ্ছে এগুলো এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। যদিও প্রথম পর্যায়ে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, কিন্তু সে বিষয়গুলোর সঙ্গে এখন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেগুলো জড়িত থাকার ফলে এই মুহূর্তে আমরা একমত হওয়া বিষয়গুলোকেও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছি না। আমরা মনে করছি, সমন্বিতভাবে দিলে কাজের জন্য সুবিধাজনক হবে।’
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা তাদেরকে অনুরোধ করেছি ৩০ জুলাই বুধবার দুপুর ১২টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চায় সেগুলো আমাদেরকে জানানোর জন্য। আমরা আশা করছি, পরামর্শগুলোকে সমন্বিত করে সনদের টেক্সটা ওই দিনই তৈরি করতে পারব।
ইউডি/এবি

