মালয়েশিয়ার শীর্ষ শিল্পপতিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মালয়েশিয়ার শীর্ষ শিল্পপতিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৯:১০

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোকে বাংলাদেশের সাশ্রয়ী মূল্যের আবাসন, বন্দর, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়ার কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী নেতার সঙ্গে কুয়ালালামপুরে ধারাবাহিক বৈঠকের সময় এ আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস সানওয়ে গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা জেফ্রি চিয়াকে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যের আবাসন বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। বিশেষ করে শিল্প পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি বসবাসকারী ক্রমবর্ধমান সংখ্যক কারখানা শ্রমিকের জন্য তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করার সময় এসেছে।’ ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের গৃহীত সংস্কারগুলো তুলে ধরেন তিনি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন বন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠায় আবাসন এবং নির্মাণ খাতে বড় আকারের বিনিয়োগ এখন অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়ণ প্রত্যক্ষ করছে। লাখ লাখ কর্মী ও নতুন নগরবাসীর জন্য বাড়ি এবং সুযোগ-সুবিধা তৈরিতে আমাদের ব্যাপক বিনিয়োগের প্রয়োজন।

তিনি সানওয়ে গ্রুপকে বাংলাদেশে আধুনিক হাসপাতাল স্থাপনের জন্যও উৎসাহিত করেন।

জেফ্রি চিয়াহ জানান, তার প্রতিষ্ঠান অবশ্যই বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ খতিয়ে দেখবেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার আগ্রহও প্রকাশ করেন। সানওয়ের নির্মাণ ও আবাসন বিভাগে বর্তমানে হাজার হাজার বাংলাদেশি কাজ করছেন।

শ্রমিকদের প্রশংসা করে তিনি বলেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষকে তাদের ছয় বছরের কর্মকাল বাড়ানোর জন্য তিনি সুপারিশ করেছেন।

একটি পৃথক বৈঠকে জাতীয় গাড়ি নির্মাতা প্রোটন এবং অবকাঠামো জায়ান্ট এমএমসি কর্পোরেশন বেরহাদের মালিক সৈয়দ মোখতার আল-বুখারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

তিনি বলেন, এটা শুধু মুনাফার জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য আমরা এটা করব।

সৈয়দ মোখতার নদী উন্নয়ন এবং মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে জড়িত প্রকল্পগুলোতে দায়িত্বশীল স্থানান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

অধ্যাপক ইউনূস পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসা ও বিনিয়োগ পদ্ধতি সহজ করার জন্য ব্যাপক সংস্কার চালু করেছে।

সৌরশক্তি ও কৃষি-প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার বিনিয়োগ খাত হিসেবে চিহ্নিত করেন বিডা নির্বাহী চেয়ারম্যান। দেশের সৌরশক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্যনিরাপত্তা খাতে আগ্রহ প্রকাশ করেন সৈয়দ মোখতার। তিনি অধ্যাপক ইউনূসকে ১৮ শতকের ভারতীয় উপনিবেশবিরোধী শাসক টিপু সুলতানের উপর ২০ বছরের গবেষণার সংকলন করা একটি বই উপহার দিয়েছেন।

ইউডি/এ আর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading